পঞ্চগড়ে ঘরে ঘরে কর্মসূচি নিয়ে মাঠে নওশাদ জমির

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ঘরে ঘরে জনগণের সঙ্গে যোগাযোগ কর্মসূচি শুরু করেছে বিএনপি। দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।

সোমবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে দেখা করেন, তাদের খোঁজখবর নেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্রক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নে ১৯টি টিম গঠন করা হয়েছে এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শুনছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত