'আমরা প্রায় পৌঁছে গেছি সেই দেয়ালের কাছে, যেটা ভেঙে ফেললেই আমরা পরবর্তী স্তরে পৌঁছাতে পারব। আমরা ইতিমধ্যেই সেই স্তরে আছি, তবে দরকার সেই জয়টা, সেই বাধা ভাঙার।'
কাল হংকংয়ের সঙ্গে এশিয়া কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়ে একথা বলেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ঢাকায় প্রথম পর্বের ম্যাচে প্রথমে ১-০ গোলে এগিয়ে যাওয়া, পরে ১-৩ গোলে পিছিয়ে পড়া, শেষ দিকে ৩-৩ গোলে ফিরে আসা এবং শেষমুহূর্তের গোলে হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ।
প্রতিপক্ষ হিসেবে হংকংয়ের শক্তিমত্তার কথা জানিয়ে কাবরেরা বলেন, 'জানতাম হংকংয়ের শক্তি, জানতাম খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা আমাদের সেরাটা দিয়েছি, বিশেষ করে প্রথমার্ধে আমরা বলের উপর দারুণ নিয়ন্ত্রণ রেখেছিলাম। তবে তারা খুবই প্রতিযোগিতামূলক দল। আমি অ্যাশলিকে অনেক আগে থেকেই চিনি, কারণ আমরা একে অপরের বিরুদ্ধে ভারতে খেলেছি। সে খুবই প্রতিযোগিতামূলক, তার মানসিকতাও খুব শক্তিশালী। তাই আমরা তার দলের কাছ থেকেও সেটা আশা করেছিলাম।'
যোগ করেন, 'গত ম্যাচের শেষটা সত্যিই কঠিন ছিল সামলানো। তবে আমরা খেলোয়াড়দের যেভাবে বার্তা দিয়েছি, সেটা খুব স্পষ্ট: যাই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে।'
গত ম্যাচের একাদশ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কালকের ম্যাচের একাদশ কেমন হবে জানালেন কাবরেরা, 'গত ম্যাচে মূল একাদশ দারুণ খেলেছে। এরপর হংকং ম্যাচে ভালোভাবে নিয়ন্ত্রণ নিয়েছিল, যতক্ষণ না আমরা বিকল্প খেলোয়াড়দের মাঠে নামাই। তাই আমি বলবো, মূল একাদশ এবং ৫৬-৫৭ মিনিটে নামা বিকল্প খেলোয়াড়রা সবাই খুব ভালো কাজ করেছে। তাই আগামীকালও একই রকম কিছু হবে—যেই খেলুক, যেই বিকল্প আসুক, তাদের ভূমিকা একই থাকবে।'
একাদশ নিয়ে অধিনায়ক জামাল ভূইয়া বলেছেন, 'কে খেলবে, কে খেলবে না—এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চায়। দিন শেষে সিদ্ধান্ত তাদেরই।' অধিনায়ক হিসেবে তার কি মতামত থাকে- জানতে চাইলে জামাল বলেন, 'অবশ্যই আমার আলাদা মতামত আছে, তবে সেটা আমি আপনার সঙ্গে ভাগ করবো না—তবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।'
আগের ম্যাচে অধিনায়ক নিজেই ছিলেন না একাদশ। এ নিয়ে তিনি পরে বলেছেন, 'আমি যখন না খেলি, সেটা তো ভুল—এটা আমি বলব। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে সেটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।'
হামজাকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে কি মত বদলেছে হংকং কোচের
আনচেলোত্তির ব্রাজিলে অপরিহার্য হয়ে উঠছেন ব্রুনো গিমারেস 