অগ্নিকাণ্ড-ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম

অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সাহস ও নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

ইউএনও বলেন, “অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে কী কী করতে হবে, তা সবাইকে জানতে ও প্রচার করতে হবে। এসব দুর্যোগ মোকাবেলায় সাহস ও সচেতনতা অত্যন্ত জরুরি।”

রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতামূলক মহড়া শেষে তিনি এসব কথা বলেন।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) আয়োজনে মহড়াটি পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন তাৎক্ষণিক করণীয়, মানুষ উদ্ধার কৌশল এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি বাস্তবভাবে প্রদর্শন করা হয়। মহড়ার নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত