এফবিসিসিআইর সালিশের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ এএম

চট্টগ্রামের শতবর্ষী ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স নির্বাচনের বাকি আর মাত্র আড়াই সপ্তাহ। কিন্তু নানা জটিলতায় এখনো জমে উঠছে না নির্বাচনী প্রচারণা। নির্বাচন নিয়ে উত্থাপিত নানা অভিযোগ দিয়ে দায়ের করা মামলায় এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত দেয় সেদিকেই এখন তাকিয়ে আছেন ব্যবসায়ীরা।

চেম্বার সূত্র জানায়, এর মধ্যে একটি মামলা করেছেন এবারের নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ এর প্যানেল লিডার এস এম নুরুল হক। এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে দেওয়া আবেদনে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ থেকে গত ২০  আগস্ট এক স্মারক মূলে বিতর্কিত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যরা যাতে চেম্বারের আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারে সে জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ৩১ আগস্ট অফিস কার্যকালের পর রাত ৯টা পর্যন্ত  চেম্বারের মেম্বারশিপ সেকশনের কর্মকর্তারা বহিরাগতদের যোগসাজশে অকার্যকর টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের নামে বেআইনিভাবে মানি রিসিট ইস্যু করে। ১ সেপ্টেম্বর আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়ে আবেদন করি। কিন্তু ঘটনার সত্যতা যাচাই করার আগেই ওই মানি রিসিটের ওপর ভিত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ থেকে ৪ সেপ্টেম্বর বাতিলকৃত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়। অথচ ৩১ আগস্ট অফিস কার্যকালের পরে বেআইনিভাবে নবায়ন ফি জমা নেওয়ার কারণে চেম্বারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে চেম্বার কর্তৃপক্ষ।

এস এম নুরুল হক তার আবেদনে চেম্বার নির্বাচন আপিল বোর্ড কর্তৃক টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের আপত্তি মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল করে প্রাথমিক ভোটার তালিকার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং সালিসে রেফারেন্স নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিটাগাং চেম্বার নির্বাচন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধের আদেশ চেয়েছেন।

অন্যদিকে চেম্বারের আরেক সদস্য মুনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এসএম সালেহ জহুর রাসেল এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্রুনালে পৃথক আরেকটি সালিসে মামলা দায়ের করেন। এতে তিনি চেম্বারের নির্বাচন বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর সঙ্গে সংগতিপূর্ণ করে চট্টগ্রাম চেম্বারের সংঘ স্মারক ও সংঘবিধি সংশোধনের নির্দেশনা এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল পূর্বক চেম্বার সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য ট্রাইব্যুনালের নির্দেশনা চেয়েছেন।

আর্বিট্রেশন ট্রাইব্যুনাল সূত্র জানায়, এসএম সালেহ  জহুর রাসেলের মামলাটি আজ মঙ্গলবার বিকেল ৩টায় এবং এসএম নুরুল হকের মামলা বিকেল সাড়ে ৩টায় শুনানির সময় নির্ধারণ করে বাদী-বিবাদীসহ সংশ্লিষ্ট পক্ষদেরকে নোটিস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল থেকে শুনানির নোটিস পাওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ এর প্যানেল লিডার এস এম নুরুল হক।

চেম্বার সূত্র জানায়, চিটাগাং চেম্বারের সঙ্ঘবিধি অনুযায়ী দীর্ঘদিন ধরে চার ক্যাটাগরি থেকে নির্বাচিত মোট ২৪জন পরিচালকের মাধ্যমে পরিচালনা বোর্ড গঠিত হয়ে আসছে। এর মধ্যে অর্ডিনারী গ্রুপ থেকে ১২ জন, অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ছয়জন, টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন এবং ট্রেড গ্রুপ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকরাই পরবর্তীতে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত করে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত