নেইমারের ইউরোপে ফেরার গুঞ্জন; আগ্রহী ইন্টার মিলান ও নাপোলি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম

ফুটবল দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। চোটাক্রান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাকি ইউরোপে ফিরতে আগ্রহী—এমন গুঞ্জন ছড়িয়েছে ইউরোপীয় গণমাধ্যমে। ইতালির দুই ক্লাব ইন্টার মিলান ও নাপোলি নেইমারকে দলে টানতে চায় বলে দাবি করেছেন জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো।

বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি বছরের শেষেই তিনি ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন। ফলে চুক্তির বাধ্যবাধকতা ছাড়াই নেইমার আবার ইউরোপের কোনো বড় ক্লাবে যোগ দিতে পারেন। সূত্র জানাচ্ছে, ইন্টার মিলানকে গত গ্রীষ্মেই নেইমারকে অফার করা হয়েছিল। তখন দুই পক্ষের আলোচনা না এগোলেও এবার পরিস্থিতি ভিন্ন। ইউরোপীয় গণমাধ্যমের মতে, দুই পক্ষই নাকি আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে।

নেইমারের ইউরোপীয় অধ্যায় ছিল গৌরবময়। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত এক দশক তিনি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সাঁ-জার্মেইর (পিএসজি) হয়ে। জিতেছেন অসংখ্য ট্রফি, গড়েছেন রেকর্ড ট্রান্সফারের ইতিহাস। এখন শোনা যাচ্ছে, আগামী বছরের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে ফেরার আশায় তিনি ইউরোপের মঞ্চে নিজেকে আবার প্রমাণ করতে চান। কারণ, আনচেলত্তির দলে সুযোগ পেতে হলে নিজেকে প্রমাণ করতে হবে।

এছাড়া জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তরুণ লেফট-ব্যাক নাথানিয়েল ব্রাউনকে দলে পেতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও ম্যানসিটির মতো শীর্ষ ক্লাব। ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের দাম অন্তত ৬০ মিলিয়ন ইউরো হতে পারে। ফেনারবাহচের স্লোভাক ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারকে সই করাতে আগ্রহী জুভেন্টাস। অন্যদিকে ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েসা নাকি লিভারপুলেই থেকে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত