জোড়া গোল করে বাছাইপর্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আরেকটি ইতিহাস গড়লেন। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন সিআর সেভেন। মঙ্গলবার রাতে লিসবনে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দুই গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

৪১ গোল করতে রোনালদোর লেগেছে ৫০ ম্যাচে। এর আগে ৪০ গোল নিয়ে গুয়াতেমালার সাবেক তারকা কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। প্রথম গোলটি করে তিনি রুইজকে ছুঁয়ে ফেলেন। দ্বিতীয় গোলে গড়েন একক ইতিহাস। রোনালদোর মোট গোলের পরিসংখ্যানও অবিশ্বাস্য। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত করেছেন ৯৪৮ গোল। ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের মধ্যে পাঁচটিতেই অন্তত পাঁচ বা তার বেশি গোল করেছেন।

বাছাইপর্বের ম্যাচটি দারুণভাবে শুরু করেছিল হাঙ্গেরি। অষ্টম মিনিটে আতিলা সালাই গোল করে অতিথিদের এগিয়ে দেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। রোনালদোর পা থেকেই আসে সমতাসূচক গোল। এরপর আরও একবার জালে বল পাঠিয়ে পর্তুগালকে এগিয়ে নেন ২-১ গোলে। তবে শেষ মুহূর্তে হতাশায় পরিণত হয় পর্তুগালের রাত। যোগ করা সময়ে লিভারপুলের মিডফিল্ডার ডমিনিক সোবোস্লাই গোল করে হাঙ্গেরিকে এনে দেন মূল্যবান এক পয়েন্ট।

রবার্তো মার্টিনেসের শিষ্যরা এখন পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। হাঙ্গেরি পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আগামী নভেম্বরের উইন্ডোতে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেই ২০২৬ বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে জায়গা নিশ্চিত করবে পর্তুগাল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ৪৮-দলের বিশ্বকাপে রোনালদোর বয়স হবে ৪১ বছর। তবুও ধারণা করা হচ্ছে, তাকে বিশ্বকাপে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত