আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ। একটি ম্যাচেও তারা ৫০ ওভার ব্যাট করতে পারেনি। গতকাল আবুধাবিতে শেষ ম্যাচে ৯৩ রানে অল-আউট হয়েছে হেরেছে ২০০ রানের বিশাল ব্যবধানে! এরপরও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দাবি করেছেন- তারা এতটা খারাপ দল না।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার, সেই জায়গাটা উন্নতি করছি না। আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। অবশ্যই ঘাটতি আছে। আর ঘাটতি না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না। তবে দিনশেষে আমাদের যারা ব্যাটসম্যান আছে, তাদেরকে নিয়েই এগোতে হবে।’
এ বছর ৮ ওয়ানডে খেলে ৭টি হেরে যাওয়ার পরও মিরাজ দাবি করেন- বাংলাদেশ এত খারাপ দল না, ‘আমরা এর আগে তো এত খারাপ খেলিনি। কিন্তু আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। এই জিনিসগুলো যদি আমরা উন্নতি না করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক আরও আরও কঠিন হবে। যদি আমরা উন্নতি না করতে পারি এবং এই ম্যাচগুলোতে যে ভুলগুলো করেছি, সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও কঠিন হবে।’
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পুরো ৫০ ওভার খেলতে চান মিরাজ, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, আসলে তাহলে খুবই ভালো লাগত। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি, এখানে তো আমাদের অবশ্যই দায় নিতে হবে প্রত্যেকটা খেলোয়াড়ের। ক্যাপ্টেন হিসেবে আমাকেও দায় নিতে হবে, যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি। কিন্তু আমি এখনো আশা করছি যে আমাদের টিমটা কামব্যাক করবে। আশা করি নেক্সট সিরিজ থেকেই সেটা হতে পারে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি এবং দলকে আমি ঐভাবেই বুস্ট আপ করব। আশা করব ভবিষ্যতে দর্শকদেরকে ভালো ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য।’
