চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীরা আমাদের যেই রায় দেবেন, আমরা তা মেনে নেব। জয় বা পরাজয় যাই হোক, আমরা আগের মতোই শিক্ষার্থীদের পাশে থাকব। তবে তিনি ভোটগ্রহণের প্রক্রিয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাজ্জাদ হোসেন বলেন, ভোট শেষে একজন ভোটারের আঙুলে কালি দেওয়া হচ্ছে। কিন্তু সেই দাগ আবার উঠে যাচ্ছে। এতে করে একজনের একাধিকবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কী কারণে এমন হচ্ছে, তা আমরা জানতে চাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
