চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে বেলা দেড়টা পর্যন্ত পাঁচঘণ্টায় ৩৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ড. এ কে এম আরিফুল হক।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত । ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ভোট শুরু হওয়ার পর কেন্দ্রগুলোতে বেলা দেড়টা পর্যন্ত ৩৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রার্থীরা অমোচনীয় কালির বিষয়ে কিছু অভিযোগ দিয়েছেন, আমরা তা খতিয়ে দেখছি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৭৩ জন। হোস্টেল সংসদের জন্য প্রার্থী ২০ জন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
জানা গেছে, ১৫টি কেন্দ্রে রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোটকেন্দ্রে আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদে।
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যান চলাচল বন্ধ