পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যান চলাচল বন্ধ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ের দিকে এলে পুলিশ তাদের আটকে দেয়। কিন্তু পুলিশ তাদের আটকে রাখতে পারেনি। এতে শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় অভিমুখে রওনা হন শিক্ষকরা। জাতীয় জাদুঘরের শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এর পর শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন।

তাদের তিনটি দাবি হলো, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়া; শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা ; এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এর আগে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত