রেকর্ড উচ্চতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বুধবার (১৫ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ২০০ ডলার অতিক্রম করেছে।

মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদে আকৃষ্ট করছে।

লন্ডন সময় সকাল ৬টা ৫৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,২০০.১১ ডলারে পৌঁছে। ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,২১৮ ডলার হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরকারের আংশিক শাটডাউন এবং ফেডারেল রিজার্ভের নরম মনোভাব স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করেছে।

স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বন্ধ থাকা এবং জেরোম পাওয়েলের নরম বক্তব্য স্বর্ণের দাম দ্রুত বাড়ার সর্বশেষ কারণ।

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনো দুর্বল অবস্থায় রয়েছে। তিনি জানান, সুদের হার নির্ধারণ এখন ‘মিটিং-ভিত্তিক’ সিদ্ধান্ত হবে।

বিনিয়োগকারীরা মনে করছেন, অক্টোবর ও ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অন্তত ০.২৫ শতাংশ সুদের হার কমানো হবে। সুদের হার কমলে স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগ বাড়ে।

এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদ হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ ক্রয় এবং ডি-ডলারাইজেশন প্রবণতা-সবকিছুরই ভূমিকা রয়েছে এই উত্থানের পেছনে।

সিম্পসন বলেন, এই দৌড় এখন অনেকটাই ‘মোমেন্টাম ট্রেড’-বিনিয়োগকারীরা দাম আরও বাড়বে ভেবে স্বর্ণের বাজারে ঢুকছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ফেডারেল সরকারের বন্ধ হয়ে যাওয়ার ফলে যেসব কর্মসূচি বন্ধ থাকবে, তার তালিকা শুক্রবার প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চীনের সঙ্গে কিছু বাণিজ্যিক সম্পর্ক কেটে ফেলার বিষয়টি বিবেচনায় আছে।

দুই দেশের মধ্যে মঙ্গলবার থেকে পাল্টাপাল্টি বন্দর শুল্ক আরোপ শুরু হয়েছে, যা নতুন করে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা বাড়িয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা আবারও বাড়লে সেই প্রবৃদ্ধি ধীর হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও রেকর্ড গড়েছে। মঙ্গলবার রুপার দাম আউন্সপ্রতি ৫৩.৬০ ডলারে পৌঁছানোর পর বুধবার ২ শতাংশ বেড়ে ৫২.৪৮ ডলার হয়েছে। সরবরাহ কমে যাওয়ার কারণে রুপার বাজারেও চাপ বাড়ছে।

এছাড়া প্লাটিনামের দাম বেড়েছে ১.৩ শতাংশ, আউন্সপ্রতি ১,৬৫৮.৬৫ ডলার। প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৫৩৮.৭৫ ডলারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত