চাকসু নির্বাচন

কমিশনের নিরপেক্ষতা নিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর শঙ্কা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম

ভোটগ্রহণের পরে অমোচনীয় কালি ব্যবহার না করায় চাকসু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট'র প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. ইব্রাহীম হোসেন।  

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।   ে

ভোট গ্রহণ খুবই ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করে মো. ইব্রাহীম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা বলেছিলাম অমোচনীয় কালি ব্যবহার করতে। কিন্তু সেটি করা হয়নি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একটা শঙ্কা তৈরি হলো।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী আরও বলেন, একটি কক্ষে পোলিং কর্মকর্তার সই ছাড়া ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আবার ছাত্র না, এমন অনেকেই পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা সবার জানা দরকার। 

শিক্ষার্থীদের রায় মেনে নেবেন বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, জয়-পরাজয় যেটিই হোক, আমরা অতীতে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম সেভাবেই থাকব। তবে যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে সেটি দুঃখজনক। 

সাজ্জাদ হোসেন আরও অভিযোগ করেন, ভোট শেষে একজন ভোটারের আঙুলে দাগ দেওয়া হচ্ছে। তবে সে দাগ উঠে যাচ্ছে। এতে একজনের একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কী কারণে এমনটা হচ্ছে তা আমরা জানতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত