সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জনবহুল এলাকায় কোনোভাবেই যেন কেমিক্যাল গোডাউন না থাকে, সে বিষয়ে কঠোর নীতি থাকা আবশ্যিক বলে মন্তব্য করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউনে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমি ঘটনাস্থল দেখতে এসেছি। এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, সেগুলো বেআইনি জায়গা। আমি মনে করি, প্রথমেই সরকারকে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। যারা এটা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং আমাদের কঠোর নীতি থাকতে হবে, যেন জনবহুল এলাকায় এ ধরনের গোডাউন না থাকে।
তিনি আরও বলেন, আপনারা জানেন, এর আগেও পুরান ঢাকায় এমন ঘটনা ঘটেছে। যেহেতু সেটা একটি জনবহুল এলাকা, সে কারণে ওই জায়গা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেয়া হয়েছে। এর ফলে প্রাইভেট এই গোডাউনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এগুলো চিহ্নিত করে অতিসত্বর জরুরিভাবে উৎখাত করা দরকার, যাতে সেগুলো জনবহুল এলাকা থেকে সরে যায়। প্রয়োজনে নীতি পরিবর্তন করতেও হবে।
নিহতদের ব্যাপারে তিনি বলেন, যে মানুষগুলো মারা গেছেন, আমরা যতটুকু পরিসংখ্যান পেয়েছি, হাসপাতালে আমার মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক রয়েছে। আমাদের সমাজকর্মীরা সেখানে রয়েছেন। তারা ফলোআপ করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে বসবে। সম্ভব সব ধরনের সাহায্য-সহযোগিতা আমরা করব।
উপদেষ্টা আরও বলেন, নিখোঁজদের বিষয়ে তদন্ত করতে হবে এবং তাদের খোঁজ নিতে হবে। এখানে তদন্ত করতে বিশেষজ্ঞদের সাহায্য প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে, যেখানে পুলিশসহ অনেকের সহায়তা লাগবে।
নিহতদের পরিবারের পাশে থাকার বিষয়ে তিনি দৃঢ় আশ্বাস দিয়ে বলেন, যারা মারা গেছেন, তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের এবং আমি সেটি করব। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সে নিশ্চয়তা আমি দিচ্ছি।
