ফেনীর সোনাগাজীতে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের ভিডিও ফেসবুকে প্রচারের অভিযোগ যুবদলকর্মী আবুল বাশার গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভিকটিম শিশুর মায়ের দায়ের করা অভিযোগের পর পুলিশ তাকে উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের আলু বেপারী বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানায়।
ভিকটিম শিশুর মা জানান, স্থানীয় আবুল বাশার গাজী দীর্ঘ ছয় বছর ধরে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সন্তানকে বলাৎকার করেছে। এমনকি গেদু মিয়া নামে এক বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে শিশুকে বলাৎকার করিয়ে এসব ঘটনার ভিডিও গোপনে ধারণ করেছে।
তিনি আরো জানান, পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে দুই দফায় মোট ১৫ হাজার টাকা আদায় করে বাশার।
স্থানীয় যুবদল নেতা সোহাগ বলেন, আবুল বাশার ওই ভিডিও নিজের কাছে রেখে বৃদ্ধের কাছ থেকে টাকা আদায় করেছে এবং নিজেও শিশুটিকে বলাৎকার করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে আবুল বাশার গাজী বলেন, শিশুকে বলাৎকারের ভিডিও দেখিয়ে এলাকার একাধিক ব্যক্তি বৃদ্ধ গেদু মিয়ার কাছ থেকে টাকা দাবি করেন। পরে ওই বৃদ্ধ আমার কাছে এসে সহযোগিতা চাইলে আমি তাদের ভিডিও প্রকাশ না করতে অনুরোধ করি। তারা বৃদ্ধের কাছ থেকে টাকা আদায়ের পর ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়। আমি তাদের এমন কাজের প্রতিবাদ করলে তারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।
