মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ কোটি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৭০ পিস ইলিশ জব্দ করে।
বুধবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার শ্রীনগর উপজেলার চর বাঘড়া গ্রাম সংলগ্ন পদ্মায় অভিযান চালিয়ে সমুদয় কারেন্ট জাল ও ইলিশসহ ১১ জেলেকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিন উদ্দিন আটক ১১ জেলের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। তিনি জানান, জব্দ করা সমুদয় অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশ স্থানীয় ৩টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম প্রমুখ।
