মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে, দিল্লি আর মস্কো থেকে তেল কিনবে না। বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ‘ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি খুশি ছিলাম না। আজ মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন।’
তিনি আরও যোগ করেন, ‘এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে বাধ্য করব।’
তবে মোদি সত্যিই ট্রাম্পকে এমন আশ্বাস দিয়েছেন কিনা, সে বিষয়ে জানতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারতের এই কথিত প্রতিশ্রুতি বিশ্ব জ্বালানি কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন মস্কোর তেল রপ্তানি থেকে আয় কমাতে চায়।
রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা ভারত। তাই তাদের এই সিদ্ধান্ত কার্যকর হলে মস্কোর রাজস্ব প্রবাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প বলেছেন এই পরিবর্তন তাৎক্ষণিক নয়, তবে শিগগিরই কার্যকর হবে।
এর আগে, রুশ তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ বলে দাবি করেছেন ট্রাম্প।
গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল: ট্রাম্প
চাকসুতে শিবিরের দাপট: ২৬ পদের ২৪টিই তাদের দখলে