রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি রাকসুর ১৫তম নির্বাচন; সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ভোট চলবে।
ভোট শুরুর কিছুক্ষণ পরই ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির অভিযোগ করেন, পোলিং এজেন্টদের ছবি সংবলিত ভোটার তালিকা দেখাতে বাধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা তালিকা দেখতে চাইলে তা দেখানো বাধ্যতামূলক। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।’
আবির আরও জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে তা প্রতিহত করা হবে।
অন্যদিকে, ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
রাকসু নির্বাচন আজ