নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদীতে গোসলে নেমে আব্দুল হক নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সোনাজুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল হক (৫৫) ওই এলাকার বাসিন্দা, পেশায় কৃষক।
স্থানীয়রা যায়, আব্দুল হক প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে গোসল করতে নদীতে নামেন। দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা শুরু করেছে। এছাড়াও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেবে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছে পুলিশ।
