টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা গেছে এই মাদরাসার শিক্ষার্থীরা এবারও দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে ১ হাজার ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়, যার মধ্যে ১ হাজার ২৭২ জন পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় ১ হাজার ২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগ ভিত্তিক ফলাফলে দেখা যায় বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৫১৭ জন পাস করে এবং ৩৯০ জন জিপিএ-৫ অর্জন করে। অপরদিকে, সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭৪৩ জন পাস করে এবং ২৭১ জন জিপিএ-৫ পায়।
দেশের আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা এই মাদরাসা আবারও প্রমাণ করেছে তাদের শিক্ষার মান ও অধ্যবসায়ের উৎকর্ষ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এমন কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
