রাজধানীর ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে ব্রিফ করবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে গত বুধবার (৮ অক্টোবর) রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।
শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিলো। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিলো। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিলো। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।
