সিইপিজেডে শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক গ্রুপের একটি কারখানায় শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে কিল-ঘুষি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্যাসিফিক গ্রুপের একটি ইউনিটের সামনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ জানায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে ইপিজেডের ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনায় করা একটি মামলার তদন্ত করছে শিল্প পুলিশ। শ্রমিকদের দাবি, তাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলা থেকে অব্যাহতির দাবিতে এক পক্ষ কর্মবিরতি পালন করছিল। আরেক পক্ষের কাজে যোগদান করার প্রস্তুত ছিল। কর্মবিরতিতে যাওয়া শ্রমিকরা তাদের বাধা দেন। এ অবস্থায় কারখানা কর্র্তৃপক্ষ তাদের জানিয়ে দেয়, কাজের পরিবেশ না থাকলে কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হবে। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘মামলা তদন্তে বিভিন্ন জেলা-উপজেলায় সন্দেহভাজন শ্রমিকদের বাড়িতে খোঁজখবর নিচ্ছে পুলিশ। তাঁদের মধ্যে প্যাসিফিক গ্রুপের প্রতিষ্ঠান জিনস ২০০০ লিমিটেডের কয়েকজন শ্রমিক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে কোনো শ্রমিককে বিনা কারণে হয়রানি করা হবে না বলে আমরা জানিয়েছি।’

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় শ্রমিকদের হয়রানি করা হচ্ছে এমন দাবি করে আবার কর্মবিরতিতে যান কয়েকজন শ্রমিক। সেখানে তারা হট্টগোল করে কাজ বন্ধ করে দেন। কারখানায় এখন কাজ বন্ধ, শ্রমিকরা বাড়ি চলে গেছেন।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার কারখানা কর্র্তৃপক্ষ জানিয়েছিল, কোনো শ্রমিককে হয়রানি করা হবে না। পাশাপাশি একজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্র্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পরও কয়েকজন শ্রমিক সেখানে বিক্ষোভ করেন। একপর্যায়ে কয়েকজনকে মারধর করা হয়। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ‘কারও গুরুতর আহত হওয়ার খবর পাইনি। তবে কিল ঘুষির ঘটনা ঘটেছে। কারখানা থেকে সব শ্রমিক বের হয়ে গেছেন। এর আগে গত ৯ অক্টোবরও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত