সীমান্ত অতিক্রম করার সময় আ. লীগের ২ নেতা আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভ্যালাপাড় ব্রিজের পাশে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চরকলোনী পাড়ার আলহাজ্ব মো. আজাহার আলীর ছেলে মো. মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও বরিল জেলার উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কেশবকাঠী গ্রামের মৃত রফিজ উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান ইকবাল (৫৭)।

প্রেস ব্রিফিংয়ে এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিরামপুর থানাধীন ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ অন্তর্গত ভ্যালার পাড় ব্রিজের পার্শ্বে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় ২ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। পরে বিরামপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত সন্দেহভাজন দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের পরিচয় দেয়।

আটক হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে বরিশালের উজিপুর থানায় ২টি ও ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-১৭তে ১টি মামলা চলমান রয়েছে। আটক মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধে ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-১৭তে ১টি ও বরগুনা সদর থানায় ২টি মামলা চলমান রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত