লক্ষ্মীপুরে বিএনপির স্থানীয় নেতা হোসেন আহমেদ দলত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
ওই সময় তার সঙ্গে প্রায় পঞ্চাশ জন কর্মী ও সমর্থকও জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ওমর ফারুক জানান, হোসেন আহমেদ বিএনপি থেকে সরে এসে জামায়াতে যোগ দিয়েছেন এবং তার অনুসারীরাও সদস্য ফরম পূরণ করেছেন।
দলবদলের কারণ জানাতে গিয়ে হোসেন আহমেদ বলেন, “শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপির সঙ্গে ছিলাম।
কিন্তু পরে বুঝেছি— এই দল আল্লাহ ও রাসূলের আইন অনুযায়ী চলতে চায় না। মনে হয়েছে আমি ভুল পথে আছি। তাই সত্যের পথে থাকতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”
