জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ক্ষেতলাল উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৫৮)। তিনি মোটরসাইকেল চালক ছিলেন। তার বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে। আহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।

জয়পুরহাট জেনারেল হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুল দুই আরোহী নাইম ও ফিরোজকে নিয়ে ক্ষেতলালের বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথে কামারগাড়ি এলাকায় দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এরমধ্যে নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাইম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নাইমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত