আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন তিন স্থানীয় ক্রিকেটার। তারা একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে ফিরছিল। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নভেম্বরের নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা শ্রীলঙ্কারও।
বিমান হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর আফগানিস্তানকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এটিকে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করে আফগানিস্তানের জন্য পাকিস্তানের দীর্ঘদিনের ত্যাগ ও সমর্থনের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।
শনিবার এক্স (টুইটার)-এ দেওয়া বিবৃতিতে আফ্রিদি বলেন, পাকিস্তান সবসময় আফগান প্রতিবেশীদের পাশে থেকেছে, তাদের কষ্টকে নিজের মতো করেই দেখেছে, 'পাকিস্তান সীমান্ত খুলে দিয়ে চার মিলিয়নের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও ৩৫০টি আফগান পরিবারকে যতটা সম্ভব সহায়তা করে আসছি। কিন্তু গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সাম্প্রতিক দিনে, আফগানিস্তান এই সব উপকার ভুলে সীমান্তে খোলামেলা আগ্রাসন করেছে, যার জবাবে আমাদের বাহিনী পুরোপুরি প্রতিক্রিয়া দেখিয়েছে।'
আফ্রিদি আফগানিস্তানকে স্মরণ করিয়ে দেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, তাই কোনো তৃতীয় দেশকে নিজেদের ব্যবহার করতে দেওয়া উচিত নয়— বিশেষ করে তারা যারা পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করে, 'আফগানিস্তানকে ভাবতে হবে যে পাকিস্তান তার ভ্রাতৃস্বরূপ একটি ইসলামিক দেশ; সুতরাং এমন কোনো দেশের দ্বারা নিজেকে ব্যবহৃত হতে দেওয়া উচিত নয়, যেটি ইতোমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদকে সমর্থন করছে।'
তিন ক্রিকেটার নিহত হওয়ার পর নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’
ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েও একই বিবৃতিতে বলা হয়, ‘মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে নিয়ে নভেম্বরের শেষ দিকে এটি খেলার কথা ছিল।’
তবে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আফগানিস্তান না খেললেও সিরিজ নির্ধারিত সময়েই (১৭ থেকে ২০ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা ইতিমধ্যে বিকল্প দল খুঁজতে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। পিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আফগানিস্তান সরে দাঁড়ানোর পরও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই হবে। আমরা বিকল্প খুঁজছি, চূড়ান্ত হলে ঘোষণা দেওয়া হবে।’
মিরপুরে উইন্ডিজের বিপক্ষে ফের গুটিয়ে যাওয়া বাংলাদেশের সংগ্রহ ২০৭ রান
অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের আগেও হ্যান্ডশেক প্রসঙ্গ, মিচেল মার্শ নীরব