নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত সিরাজুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত সিরাজুল ইসলাম (৫৭) উপজেলার পারকোল গ্রামের বাসিন্দা ও আগ্রান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
মৃতের স্বজনরা জানায়, ১৬ অক্টোবর দুপুরে মোটরসাইকেলে বনপাড়ায় যাচ্ছিলেন শিক্ষক সিরাজুল। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় একটি দ্রুতগতির ভুটভুটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
