খুলনায় ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

খুলনায় ডোবা থেকে নিখোঁজ রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে রূপসা উপজেলার পূর্ব রূপসা বাস স্ট্যান্ডের সন্নিকটে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেজাউল ইসলাম স্থানীয় বাগমারা বাজারের পান ব্যবসায়ী আব্দুল হাকিমের ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম ব্যবসা করেন। গত শুক্রবার রাতে তার বাবা তাকে দোকানে রেখে বাড়ি চলে যান। রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায় নি। রবিবার সকালে স্থানীয়রা রেজাইলের লাশ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘রেজাউল ইসলামের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের ঘাড়ের কাছে কিছু চিহ্ন পাওয়া গেছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে করা সম্ভব হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত