শিক্ষার্থীদের মন জয় করেই এসেছে ছাত্রসংসদের বিজয়: শিবির সভাপতি

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সাইকোলজি (মনস্তত্ত্ব) বা মন বুঝে কর্মসূচি সাজানো হয়েছে। তাই আল্লাহর ইচ্ছায় ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে এ বিজয় অর্জন সম্ভব হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এ বিজয় তখনই সার্থক হবে যখন শিক্ষার্থীদের দেয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ঐতিহাসিকভাবেই ইসলাম ও ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তাদেরই বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা নিজেদের ইমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ইমানদার মনে হয় না।

তিনি বলেন, আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি ও মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমেও হামলা করে কয়েকজন ভাইকে আহত করেছে। তাদের সাথে আমাদের লড়াই ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি ও সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।

জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত