জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ যোহর জবির ক্যাম্পাস প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর দেড় টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
ক্যাম্পাসে জানাজা শেষে তার মরদেহ নিজ জেলা কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
গত এক বছর ধরে জোবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানীটোলার নুরবক্স লেনে বসবাসরত বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রি ও বায়োলজি পড়াতেন। বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন। রবিবার (১৯ অক্টোবর) আনুমানিক বিকেল পৌনে ৫টার দিকে ওই ছাত্রীর বাসার তিন তলায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
