গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অ্যাম্বুলেন্সটি পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালিক, চালকসহ অন্তত পাঁচজন। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের সুজন মিয়া দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে কালিয়াকৈরে আসেন। পরে তিনি উপজেলার সাহেব বাজার এলাকায় বিউটি বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গত ৮–১০ দিন আগে তিনি এবং স্থানীয় স্কয়ার কারখানায় কর্মরত কালাম মিয়া মিলে প্রায় ১৬ লাখ টাকা দিয়ে পুরাতন একটি অ্যাম্বুলেন্স কিনেছিলেন।
গত কয়েক দিন ধরে তারা স্থানীয় বিভিন্ন গ্যারেজের মেকানিকদের মাধ্যমে ওই অ্যাম্বুলেন্সটি মেরামত করছিলেন।
এর ধারাবাহিকতায় সোমবার উপজেলার বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল ঔষধ কারখানার পাশে একটি গ্যারেজে অ্যাম্বুলেন্সের তেলের লাইনের কাজ করান।
কাজ শেষে মালিক সুজন, কালাম এবং চালক আরমান, হেলপার আলমগীর ও মেকানিক জুলহাস সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সটি পরীক্ষা করার জন্য বের হন।
কিন্তু রাত সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় জিএমএস টেক্সটাইল পোকার কারখানার সামনে পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।
জ্বলন্ত গাড়ি থেকে তারা অতিদ্রুত বাইরে বের হন। এতে প্রাণে বেঁচে যান অ্যাম্বুলেন্স মালিক সুজন ও কালাম, চালক আরমান, সহযোগী আলমগীর এবং মিস্ত্রি জুলহাস।
প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় সাহস পাননি।
মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিবহন শ্রমিক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরালে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরি জানান, আগুনের খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্রপাত এখনও নিশ্চিতভাবে জানা যায়নি; তবে তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আমেরিকা ফার্স্ট থেকে ‘ট্রাম্প ফার্স্ট’