পায়ুপথে বাতাস ঢুকানোর ঘটনায় গুরুতর অসুস্থ কিশোর

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায়  তানভীর (১৪) নামে কর্মচারীকে পায়ুপথে বাতাস ঢুকানোর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ ওই কিশোরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর কয়লারঘাট মোস্তফা প্লাস্টিক কারখানায় ঘটনাটি ঘটে। 

হাসপাতালে তানভীরের সহকর্মী মো. মামুন জানান, সন্ধ্যায় অপর দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পরে। দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

এদিকে, তানভীরের বাবা মানিক মিয়া জানান, তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কয়লার ঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তারা। সন্ধ্যায় জানতে পারেন, কারখানার কয়েকজন কর্মচারী তানভীরের পায়ুপথে কম্প্রেশার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছে। পরে তিনি হাসপাতালে গিয়ে ছেলেকে দেখতে পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত