বৈশ্বিক পর্ন সাইটে সক্রিয় বাংলাদেশি যুগল গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ এএম

আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে সক্রিয় থেকে কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক বাংলাদেশি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের মুহাম্মদ আজিম (২৮) ও মানিকগঞ্জের বৃষ্টি (২৮)। তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ অশ্লীল ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। পরে বিকেলে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। জসীম উদ্দিন খান বলেন, শুধু নিজেরা অশ্লীল ভিডিও তৈরির পাশাপাশি তারা অন্য যুগলকেও পর্নোগ্রাফি কনটেন্ট (অশ্লীল ভিডিও) তৈরিতে সম্পৃক্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের নামে পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে।

সিআইডি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে এই পর্নগ্রাফি কনটেন্ট নির্মাতাদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এসব গণমাধ্যমের তথ্যেই উঠে আসে আজিম ও বৃষ্টি মাত্র এক বছরেই পর্ন তারকাদের একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের পারফর্ম র‌্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম। এ ছাড়া ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। এক বছরে তাদের প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জসীম উদ্দিন খান বলেন, তারা অনলাইনে নিজেদের বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশ করতেন। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত