জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবি ও সোমবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস.এন. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।
বংশাল থানা সূত্র জানায়, মাহিরের সঙ্গে বর্ষার দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে ভুক্তভোগী জোবায়েদ প্রায় এক বছর ধরে বর্ষাকে বাসায় গিয়ে পড়ানোর ফাঁকে তারা প্রেমের সম্পর্কে জড়ান। প্রায় একমাস আগে মাহির বিষয়টি জানতে পেরে বর্ষার সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে বর্ষা মাহিরকে জোবায়েদকে হত্যা করার প্ররোচনা দেয় এবং তারা একাধিক পরিকল্পনা করে। মাহির তার বন্ধু আয়লানকে হত্যার পরিকল্পনায় সঙ্গে রাখেন। তারা দুজন আগানগর বউ বাজার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় থেকে ৫০০ টাকা দিয়ে একটি চাকু কিনে। ১৯ অক্টোবর বিকেলে জোবায়েদ টিউশনির বাসায় গেলে আগে থেকে ওঁত পেতে থাকা মাহির ও তার বন্ধু আয়লান জোবায়েদের গলার ডান পাশে আঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের পুরো ঘটনার সময় বর্ষা তিন তলায় দাঁড়িয়ে ছিল।
