আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘পুরো ৫০ ওভার খেলতে হবে আমাদের...’। হ্যাঁ, ওয়ানডেতে ৫০ ওভার খেলতেই তো ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ ১১ ওয়ানডেতে মাত্র দুইবার তারা অল-আউট হয়নি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার খেলে বাংলাদেশ তুলল ৭ উইকেটে ২১৩ রান। সৌজন্যে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিং।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা সাইফ হাসান। তিনে নেমে তাওহীদ হৃদয় ফিরেছেন ১৯ বলে ২ চারে ১২ রান করে। গুডাকেশ মোতির ঝুলিয়ে দেওয়া বলটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে।
সবচেয়ে অদ্ভুত আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (১৫)। ভালো শুরুর পর আলিক অ্যাথানেজের শর্ট বল লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন। ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। আউট হয়ে নাজমুল যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি মাথায় হাত দেন! অন্যদিকে ওয়ানডেতে প্রথম উইকেট পাওয়া অ্যাথানেজ আনন্দে দুই হাতে মুখ লুকান। মাহিদুল ইসলাম অঙ্কনও ১৭ রানের বেশি করতে পারেননি।
সৌম্য একা লড়াই করতে করতে মিস করেন ফিফটি। তার ৮৯ বলে ৩ চার ১ ছক্কায় ৪৫ রানের ইনিংসটি থামে আকিল হোসেনের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে পিয়েরের হাতে ধরা পড়ে। সাতে নেমে নাসুম আহমেদ করেন ১৪ রান। নুরুল হাসান সোহান এসে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। তার ২৪ বলে ২ চার ১ ছক্কায় ২৩ রানের ইনিংসটি থামে গুডাকেশ মোতির দ্বারা কট অ্যান্ড বোল্ড হয়ে।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিশাদ হোসেন। খেলেন ১৪ বলে ৩ চার ৩ ছক্কায় খেলেন ৩৯ রানের দাপুটে ইনিংস। অন্যপ্রান্তে ৫৮ বলে ৩২* রান করা অধিনায়ক মেহেদী মিরাজ তাকে সঙ্গ দেন। দুজনে মিলে ৮ম উইকেটে গড়েন ২৪ বলে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি, যাতে রিশাদের অবদানই ৩৯। ক্যারিবিয়ানদের হয়ে ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করছেন গুডাকেশ মোতি।
সৌম্যর লড়াই থামল; বাংলাদেশ কত রান করবে?
আউট হয়ে মাথায় হাত শান্তর; একাই লড়ছেন সৌম্য
‘ট্রফি লাগে না, গর্বই যথেষ্ট’ — আর্জেন্টাইন ফুটবলারের মায়ের আবেগঘন বার্তা