পঞ্চগড় বাজারে দোকান লিজ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

পঞ্চগড় বাজারের কয়েকজন ব্যবসায়ীর দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ প্রদানের চেষ্টার অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাজার বণিক সমিতি। 

মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় বাজার বণিক সমিতির ডাকে দোকান মালিক ও কর্মচারীরা জড়ো হন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

এ সময় পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাইসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন, পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজনগর হাট (পঞ্চগড় বাজার) এর ভিতরে চারটি দোকান ঘরে প্রায় ছয় দশক ধরে ব্যবসা চলে আসলেও কিছু অসাধু ব্যক্তি গোপনে নতুন লিজ নেওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনায় বাজারে বিশৃঙ্খলা ও দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তাই যারা নতুন লিজ নেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তারা। সুষ্ঠু সমাধান না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন ব্যবসায়ী নেতারা।

বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, “আমাদের কয়েকজন লোকের কারণে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মধ্যে পরিবেশ নষ্ট হচ্ছে। এসব দোকানের মালিক অনেক বিধবা মা-বোন, অনেক বৃদ্ধ ও অবসরপ্রাপ্ত মানুষ, যারা দোকান ভাড়া দিয়ে সংসার চালান। আমাদের বঞ্চিত করলে আল্লাহ তা সহ্য করবেন না। আমাদের সমস্যা জানিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক তা গ্রহণ করেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত