ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেছেন, দলের ভেতরে কোনো চাঁদাবাজ, গডফাদার বা অন্যায়কারীকেই ছাড় দেওয়া হবে না। সবাই এ বিষয়ে সোচ্চার হলে দল আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, “যদি কখনো আমার কোনো অন্যায় দেখেন, তাহলে আমার বিরুদ্ধেও আওয়াজ তুলবেন— যেন আমি নিজেকে সংশোধন করতে পারি।”
মঙ্গলবার বিকেলে আশকোনা বাজার এলাকায় দক্ষিণখান থানা মহিলা দলের উদ্যোগে নারী ভোটারদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা মহিলা দলের সভানেত্রী জাকিয়া সুলতানা পান্না।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রধান বক্তা হিসেবে বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। এই ঐক্য কেউ নষ্ট করতে পারবে না। জাতি খারাপ লোকদের চেনে, তবে ভালো লোকদের কম চেনে। এখন সময় এসেছে দিন বদলের।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে মোস্তফা জামান আরও বলেন, “আপনার কোনো ভাইয়ের লোক হবেন না, কারো নামে স্লোগান দেবেন না। আমরা সবাই তারেক রহমানের লোক।
যদি স্লোগান ধরতেই হয়, তাহলে জিয়া পরিবারের নামে ধরবেন। মনে রাখবেন, আপনার কারণে যেন কোনো ভোটার কষ্ট না পায়। শেখ হাসিনা যা করেছেন, আমরা তা করব না। দলের কয়েকজন নেতাকর্মীর আচরণের কারণেই দল ক্ষতিগ্রস্ত হচ্ছে— তাদের দলে থাকার অধিকার নেই।”
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাই করছেন। যাঁরা সৎ, সাধারণ মানুষের পাশে থাকেন, যাঁদের গ্রহণযোগ্যতা ও ক্লিন ইমেজ রয়েছে, কেবল তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে। কোনো চাঁদাবাজ বা গডফাদারকে মনোনয়ন দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, শাহাবুদ্দিন সাগর (সাবেক সভাপতি, দক্ষিণখান থানা বিএনপি), দেলোয়ার হোসেন দিলু (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি), আমিরুল ইসলাম বাবলু (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণখান থানা বিএনপি), আবদুস সালাম ডিলার (যুগ্ম আহ্বায়ক, দক্ষিণখান থানা বিএনপি), হাজি শরিফ (সভাপতি, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি), নূরুল আখতার (সভাপতি, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি) এবং ফজলুল হক শিকদার (আহ্বায়ক সদস্য, বিমানবন্দর থানা বিএনপি)।
