সালমান শাহ হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ এএম

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে গত সোমবার সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত। পরে মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা

থানায় হত্যা মামলাটি করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

সালমান শাহ ঢাকার ইস্কাটনে তার ফ্ল্যাটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর পিতা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। এরপর একাধিক তদন্তে হত্যার অভিযোগটি নাকচ করা হয়। বরং বলা হয়, তিনি আত্মহত্যা করেন। তবে সালমান শাহর পরিবার বারবার তাতে আপত্তি তোলে।

সর্বশেষ পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর আবার সালমান শাহর পরিবারের পক্ষ থেকে কয়েকটি বিষয় নিয়ে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়েরের আবেদন করা হয়। যা গ্রহণ করা হয় ২০২২ সালের ১২ জুন। তবে বিভিন্ন কারণে কয়েক বছর রিভিশন শুনানি হয়নি। সম্প্রতি রিভিশন আবেদনের শুনানি শুরু হয়, যা শেষ হয় গত ১৩ অক্টোবর। সেদিন ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। এরপর গত সোমবার অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত