মুন্সীগঞ্জ শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, নগদ টাকা, ধারালো অস্ত্র ও ককটেলের সরমঞ্জাদি ও ভবন মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১০০ রাউন্ড শটগানের গুলি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, নগদ ৩ লাখ টাকা ও ককটেল তৈরির কৌটা, উদ্ধার করে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মানিকপুর এলাকার আব্দুল হালিম মীরের চারতলা ভবনে এ অভিযান চালায় ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভবন মালিক আব্দুল হালিম মীর (৬০), তার ছেলে শফিকুল মীর (৪০) ও ভাতিজা সোহেল মীর (৩৯)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারতলা ওই ভবনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় ভবন মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে ভবনের তৃতীয় তলার কয়েকটি কক্ষে তল্লাসি চালিয়ে সমুদয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, গুলি, নগদ টাকা ও ককটেল তৈরির সরমঞ্জাদি উদ্ধার করতে সক্ষম হন। পরে ভবনের মালিক, তার ছেলে ও ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের হেফাজতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
