কাভা কাপের শুরুটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম

কাভা কাপ ফর মেন্স আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে শুভ সূচণা করেছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বাংলাদেশ। শুরুর ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে হরশিত বিশ্বাসরা। 

প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আঁচ মিলেছিল। এই সেটটা বাংলাদেশ জিতে নেয় ২৫-২১ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে মালদ্বীপকে সুযোগ না দিয়ে বাংলাদেশ এগিয়ে যায় ২৫-১৩ পয়েন্টে জিতে। তবে তৃতীয় সেটে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মালদ্বীপ। তবে কোন অঘটন ঘটতে না দিয়ে বাংলাদেশ ম্যাচ জয় নিশ্চিত করে ২৫-২১ পয়েন্টে তৃতীয় সেট নিজেদের করে নিয়ে। উদ্বোধনী দিনে আরও দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে পরাস্ত করে নেপালকে। আর  রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা শুরুতে পিছিয়ে পড়লেও আফগানিস্তানকে হারিয়ে ৩-২ সেটে। 

এর আগে ছয়জাতি আসরের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, 'বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এক দেশ। আমি আশা করছি এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে সফল একটি টুর্নামেন্ট হবে।' বিদেশী দলগুলোকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, 'এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় এক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু বলেন, 'বাংলাদেশের ভলিবলের জন্য এক ঐতিহাসিক দিন আজ। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের এক মাধ্যম। এই প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের উদ্দীপ্ত করবে। সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের ভলিবল।' উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত