শেখ হাসিনা, আবদুল হামিদ, কাদেরসহ ১৭২ জনের নামে মামলা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মো. আরাফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলার বাদী আরাফ বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক মহিলা সাংসদ ডরথী রহমান ও খাদিজা খাতুন শেফালী, বগুড়া-১ আসনের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া শাহজাদী আলম লিপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া সভাপতি সামির হোসেন মিশুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭২ জন আসামি রয়েছেন। এছাড়া অজ্ঞাত রয়েছেন আরও ২৫০-৩০০ জন।

সদর থানায় মামলার এজাহার সুত্রে জানা যায়, আহত আরাফ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় আন্দোলনরত অবস্থায় থানা মোড়ে দিকে এগিয়ে আসেন। এসময় আসামিরা গুলি ছুঁড়লে আরাফ গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন।

মামলার বাদী আরাফ জানান, তার শরীরে সেসময় ৪৩টি ছোররা গুলি লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত