যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ১৫১

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পিএম

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

এরই ধারাবাহিকতায়, গত ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে।

এ সকল অভিযানে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৫১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩টি কার্তুজ, ৩৫টি ককটেল, দেশী-বিদেশী মাদকদ্রব্য, দেশী-বিদেশী ধারালো অস্ত্র, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাই মালামাল।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, অগ্নি নির্বাপনে সহায়তা এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত