রাজধানীর মোহাম্মদপুরে সেনা অভিযানে এক স্বঘোষিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র থাকার দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবমাননাকর মন্তব্য করে ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মো. মিলন (২৮) নামের ওই ব্যক্তি একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তিনি এক ব্যক্তিকে হুমকি দিয়ে বলেন, তার কাছে পিস্তল রয়েছে এবং তিনি সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ভয় পান না। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হলে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা ইউনিট শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শেখেরটেক এলাকায় মিলনের অবস্থান শনাক্ত করে। পরে সেনাবাহিনীর দুইটি টিম অভিযান পরিচালনা করে তাকে সফলভাবে গ্রেপ্তার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মিলনের কাছে আসলেই অস্ত্র ছিল কি না এবং তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হতে গিয়েই মিলন এমন উসকানিমূলক ভিডিও প্রকাশ করেছিল।
