নতুন বয়ানের সংকট! ওকে চালিয়ে যান: শিবির সভাপতির আক্ষেপ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেই আওয়ামী লীগের মিথ্যা বয়ানের রাজনীতির ‘কবর’ লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। 

নতুন প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তবুও ডাস্টবিন থেকে কুড়িয়ে সেই বয়ান ধরে রাজনীতি করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, “৭১ নিয়ে আওয়ামী মিথ্যা বয়ানের রাজনীতি ৩৬ জুলাই কবর রচিত হয়েছে। এই প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ছুড়ে মেরেছে। কিন্তু ডাস্টবিন থেকে কুড়িয়ে সেই বয়ানকে ধারণ করেই রাজনীতি করতে হবে?”

ছাত্রশিবির সভাপতি সতর্ক করে বলেন, “নতুন বয়ানের সংকট! ওকে চালিয়ে যান। পরিণতি যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতই হয়, তাহলে সেই দায় কার?”

আওয়ামী বয়ানকে অনুসরণকারীদের প্রতি মায়া প্রকাশ করে তিনি বলেন, “মুখে নয়া রাজনীতির ফেনা আর বাস্তবে আওয়ামী বয়ানের উচ্ছিষ্ট নিয়ে পথচলা—এটা দেখে সত্যিই মায়া হয়। তারা নিজের পায়ে কুড়াল মারবে, কিন্তু আমাদের পরামর্শ গ্রহণ করবে না।”

জাহিদুল ইসলাম সুপরামর্শও দিয়েছেন, “অন্যকে ব্যবহার করার রাজনীতি না করে নিজের পায়ে দাঁড়ানো ও নিজস্ব বয়ান তৈরি করাই রাজনীতির নৈতিকতা। সবার জন্য দোয়া ও শুভকামনা।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত