স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রধানসহ পুলিশের পাঁচ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। বদলি করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের জ্যেষ্ঠ ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদলের এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। আর তার স্থলাভিষিক্ত করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি এসআরবি হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে বদলি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদকে জিএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এসপি পদে রদবদল : এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে এসপি বদলের কথা বলা হয়েছে। এতে নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খানকে সিআইডিতে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে নীলফামারীতে, জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদাকে জামালপুরে এবং এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করা হয়েছে। এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে দেওয়া আগের বদলি আদেশ বাতিল করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে।