মুন্সীগঞ্জে মসজিদের তালা ভেঙে দানবক্স চুরি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মসজিদের তালা ভেঙে দানবক্সসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামের খানে খোদাই মোহাম্মদীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদের ক্যাশিয়ার মো. হায়াত আলী শনিবার দুপুরে সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মসজিদের ক্যাশিয়ার মো. হায়াত আলী জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯ টার দিকে এশার নামাজ শেষে মসজিদে তালা লাগিয়ে তিনি বাড়ি যান। পরদিন আজ শনিবার ভোর ৪ টা ৪৫ মিনিটে মসজিদ খুলে তিনি দেখেন, চোরের দল মসজিদের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

চোর মসজিদের দুটি আইপিএস মেশিন, দুটি সোলার ব্যাটারি এবং দানবক্সে থাকা নগদ প্রায় তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের দাম অনুমান ১ লাখ ২৩ হাজার টাকা।

সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, মসজিদ চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত