সিরি’আ লিগে নাপোলি বনাম ইন্টার মিলানের ম্যাচে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে লাউতারো মার্তিনেজ এবং নাপোলি কোচ আন্তোনিও কন্তের তুমুল ঝগড়া। শনিবার ইতালির নাপোলির দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরি আ’র অষ্টম রাউন্ডের এই ম্যাচে নাপোলি ৩-১ ব্যবধানে জয় পায়। তবে ম্যাচের মাঝপথে ঘটে যাওয়া এই ঘটনাই ফুটবল দুনিয়ায় নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।
ম্যাচের ৬০ মিনিটের দিকে একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায় ইন্টার। তখনই ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ তার সাবেক কোচ কন্তের দিকে অশোভন অঙ্গভঙ্গি করেন। ডাগ-আউটে দাঁড়িয়ে থাকা কন্তেও কম যাননি। দুজনের মধ্যে তীব্র বাগযুদ্ধ লেগে যায়। উভয় পক্ষের খেলোয়াড়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কন্তেকে এই আচরণের জন্য রেফারি হলুদ কার্ড দেখান।
ম্যাচ শেষে সাবেক শিষ্যের সঙ্গে এমন সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে নাপোলি কোচ কন্তে বলেন, ‘এ ধরনের ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। আমি ইন্টারে দুই বছর কাজ করেছি, ১০ বছর পর তাদের স্কুডেট্টো ফিরিয়ে দিয়েছি। লাউতারো ভালো খেলোয়াড়, তবে ব্যক্তিগতভাবে তাকে খুব বেশি জানতাম না। তবুও ওর জন্য শুভকামনা রইল।’
লাউতারো এবং কন্তের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। ২০১৯-২১ সালে ইন্টারে একসঙ্গে কাজ করার সময়ও তাদের মধ্যে বেশ কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছিল। একবার ম্যাচ চলাকালে বদলি হওয়ার পর ক্ষুব্ধ হয়ে বোতল ছুড়ে ফেলেছিলেন লাউতারো, যা নিয়ে কন্তে তীব্র প্রতিক্রিয়া দেখান। পরে ক্লাব অনুশীলনে তাদের মধ্যে ‘বক্সিং রিং’-এর মজার একটি পুনর্মিলন আয়োজন করেছিল ইন্টার, যা সে সময় আলোচনায় আসে।
এই জয়ের ফলে নাপোলি সিরি আ’র শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। তাদের সংগ্রহ এখন ১৮ পয়েন্ট, ইন্টার মিলানের চেয়ে তিন পয়েন্ট বেশি। নাপোলির হয়ে গোল করেছেন কেভিন ডি ব্রুইনে, স্কট ম্যাকটমিনে ও ফ্রাঙ্ক আঙ্গুইসা (পেনাল্টি)। ইন্টারের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন হাকান চালহানোগলু।
চার রাত নির্ঘুম কাটিয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
ভারতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শ্লীলতাহানি; যা বলছে বিসিসিআই