গোপালগঞ্জ জেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা মিরাজ মিয়া (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৫০মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মরত ছিলেন। মিরাজ মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে মাঝে মাঝে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন মিরাজ। ডুমদিয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিরাজের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
