ব্রাহ্মণবাড়িয়া শহরে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ বলে উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করেছে জেলা শহরের ব্যবসায়ীরা। এতে শহরের প্রায় সহস্রাধিক ওষুধের দোকান বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়ছে রোগী ও সাধারণ মানুষ।

এ বিষয়ে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছানাউল হক ভূইয়া ও পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান ২৮ হাজার টাকা করে সিকিউরিটি মানি দিয়ে বৈধভাবে ভাড়া নেওয়া হয়। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া পরিশোধ আসছেন। অথচ সম্প্রতি দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক। এ অবস্থায় অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান চান তারা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। 

সদর উপজেলার সুলতানপুর থেকে আসা রহিমা বেগম জানান, তিনি সদর হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসি বন্ধ থাকায় নিতে পারেনি।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে মার্কেটের দোকান উচ্ছেদ করে কলেজের নতুন ফটক নির্মাণের দাবিতে বেশ কয়েকদিন থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত