লা লিগার ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারালেও রিয়াল মাদ্রিদের জয়ে ছাপ ফেলেছে ভিনিসিয়ুস জুনিয়রের রাগ ও আচরণ। ম্যাচের ৭০তম মিনিটে বদলি হওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ক্ষোভ প্রকাশ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু।
সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচের টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান ড্যাজন প্রচার করেছে, ভিনিসিয়ুস যখন জানতে পারেন তাঁকে বদলি করা হচ্ছে, তখন বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন। তাকে উচ্চস্বরে চতুর্থ রেফারির দিকে হাত নেড়ে প্রশ্ন করতে শোনা যায়, “আমি? আমি? স্যার, আমি?”এরপর মাঠ ছাড়ার সময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “আমি খেলব না, বাদ দিক আমায়”—যা ডাজনের প্রতিবেদনে জানানো হয়, কোচ জাবি আলোনসোর উদ্দেশেই বলা হয়েছিল। আলোনসো সংক্ষিপ্তভাবে জবাব দেন, “যাও ভিনি, যথেষ্ট হয়েছে।”
সরকারি সম্প্রচারে দেখা যায়, ভিনিসিয়ুস বেঞ্চে বসেননি; সরাসরি চলে যান ড্রেসিংরুমে। সেই সময়ই নাকি তিনি বলেন, “সবসময় আমাকেই তো তুলে নেয়, আমি দল ছাড়ছি, এখান থেকে চলে যাওয়া ভালো।” এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয় এবং ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তে পরিণত হয়। কোচিং স্টাফের কয়েকজন সদস্য তখন তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
এটাই প্রথম নয়, আলোনসোর বদলি কৌশল নিয়ে ভিনিসিয়ুসের অসন্তোষ নতুন নয়। স্প্যানিশ কোচ দায়িত্ব নেওয়ার পর থেকে বেশিরভাগ ম্যাচেই ৭৫ মিনিটের আগেই তাঁকে তুলে নেওয়া হয়, যেখানে কিলিয়ান এমবাপ্পে সাধারণত পুরো সময় মাঠে থাকেন। এতে দলের ভেতরে তুলনা ও অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন জাবি আলোনসো। তিনি বলেন, “প্রতিটি দলের মধ্যেই ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব থাকে, আর কোচ হিসেবে আমাদের প্রত্যেককে আলাদাভাবে সামলাতে হয়, তবে একই মানদণ্ড ও শ্রদ্ধা বজায় রেখেই। আমরা ভেতরে বসে বিষয়টি নিয়ে কথা বলব।”
আলোনসো আরও যোগ করেন, “ভিনির পারফরম্যান্স নিয়ে আমি খুশি। ও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিষয়টি নিয়ে আলোচনা হবে, তবে আমি এখন জয়ের আনন্দটা হারাতে চাই না।”
এ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ ম্যাচে ১০টিতে প্রথম একাদশে ছিলেন ভিনিসিয়ুস, কিন্তু মাত্র তিনবারই সম্পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। তাঁর দাবি, মাঠে আরও বেশি সময় পাওয়ার মতো পারফরম্যান্স তিনি দেখিয়েছেন। ক্লাসিকোয় তাঁর আচরণ প্রমাণ করেছে, কোচের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন।
অবশেষ মেসি বললেন- ২০২৬ বিশ্বকাপ খেলতে চান
ম্যারাডোনা আমাদের আদর্শ, সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র: মেসি