সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প, ছোট হরিণায় বিজিবির সহায়তা অব্যাহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম

রাঙামাটির হরিণা জোন এলাকার ভূষণছড়া ও বড় হরিণা অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেছে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে বিজিবি দীর্ঘদিন ধরে এই এলাকার অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে।

এই ধাপে তিনটি প্রতিষ্ঠান ও ১৬টি পরিবারের মধ্যে মোট এক লাখ টাকার অনুদান প্রদান করেছে বিজিবি। ১৬ পরিবারের মধ্যে রয়েছে সাতটি বাঙালি পরিবার ও নয়টি আদিবাসী পরিবার।

গতকাল মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে বাঙালি ও উপজাতি পরিবার, ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব অনুদান দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিনও বিতরণ করা হয়।

এছাড়া কয়েকটি পরিবারকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান, দুটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং দুটি গবাদি ছাগল দেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে খেলাধুলার সামগ্রীও বিতরণ করেছে বিজিবি।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি (জি); লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী (জোন কমান্ডার, হরিণা); ক্যাপ্টেন আসিফুর রহমান (মেডিক্যাল অফিসার, হরিণা) এবং সহকারী পরিচালক মাসুদ রানা (কোয়াটার মাস্টার)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত